পাঠ প্রতিক্রিয়া – নিঝুমগড়ের আতঙ্ক – Aniruddha Dey

বইয়ের নাম – নিঝুমগড়ের আতঙ্কলেখক – সতীর্থ দেপ্রকাশক – বেঙ্গল ট্রয়কা পাবলিকেশনমূল্য – ২৭৫ টাকা ঝাড়খণ্ড লাগোয়া নিঝুমগড়ের জঙ্গলে নাকি এক হিংস্র অপদেবতার বাস। যে বা যারা এই রহস্যময় জঙ্গলে গিয়েছে, তারা কেউই আর বেঁচে ফিরতে পারেনি। স্থানীয় অধিবাসী বা গুণ্ডা বদমাশরাও সভয়ে এড়িয়ে চলে এই অরণ্যকে।এই অরণ্যের রহস্যভেদ করতে নিঝুমগড়ে এসে পৌঁছয় তরুণ সাংবাদিক ত্রিধা ও তার সঙ্গী প্রলয়। কিন্তু এই রহস্যের সমাধান করতে কি সক্ষম হবে তারা নাকি নিজেরাও হয়ে উঠবে অপদেবতার শিকার? ত্রিধা আর প্রলয়কে বাঁচাতে কি সক্ষম হবেন লালবাজারের উচ্চপদস্থ পুলিশ অফিসার প্রসূনবাবু? এই নিঝুমগড়ের আতঙ্ক কি শুধুমাত্র সেই অপদেবতার নাকি সেইসঙ্গে আরও কিছু মানুষ যারা কিনা হিংস্র পশুর থেকেও ভয়ংকর? আর এই ভয়ঙ্কর মায়াবী অপদেবতার প্রকৃত স্বরূপই বা কি? এ কি কোনও হিংস্র আত্মা নাকি ভিনগ্রহ থেকে আগত এক এলিয়েন?সতীর্থ দে মহাশয়ের লেখার সঙ্গে এই বইটির মাধ্যমেই আমার পরিচয় ঘটল। আলোচ্য কাহিনীতে আতঙ্কের সাথে সাথে কল্পবিজ্ঞানের এক চমৎকার মিশেল ঘটিয়েছেন ভদ্রলোক। এছাড়া ভাষার উপর ওনার দখলও চোখে পড়ার মত যারফলে একভাবে টানা অনেকক্ষণ ধরে কাহিনীটি পড়ে যেতে কোনও অসুবিধাই হয়নি। আতঙ্কের চমৎকার আবহসৃষ্টির সাথে সাথে কল্পবিজ্ঞানের চমৎকার মেলবন্ধন ঘটিয়েছেন লেখক আলোচ্য কাহিনীটির ক্ষেত্রে। কাহিনীর মধ্যে আমার যেসব দিক ভালো লেগেছে তা হল –১. ভয়াল দৃশ্যের অবতারণা করার ক্ষেত্রে লেখকের দক্ষতা পরিলক্ষিত হয়েছে।২. ভাষা এবং বাক্যের প্রয়োগের উপর ওনার দক্ষতা কাহিনীটিকে সুপাঠ্য করে তুলেছে।৩. আতঙ্কের চমৎকার আবহসৃষ্টির সাথে সাথে কল্পবিজ্ঞানের চমৎকার মেলবন্ধন ঘটিয়েছেন লেখক আলোচ্য কাহিনীটির ক্ষেত্রে।৪. গল্প বলার একটি সহজাত দক্ষতা লক্ষ্য করলাম লেখকের মধ্যে যা কাহিনির উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। এবার আসি আমার চোখে ধরা পড়া কাহিনীর সামান্য কিছু খামতির মধ্যে যেগুলি একটু শুধরে নিলেই কাহিনীর মান আরও অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে বলেই আমার বিশ্বাস।১. অন্তিম ভাগে চরম উৎকর্ষতার মুহূর্তে পাঠক যখন এক চরম মুহূর্তে উপনীত হয়েছে ঠিক সেই সময়ে যেন একটু তাড়াহুড়ো করেই কাহিনীর উপসংহার টানা হল। এর থেকে আরেকটু ভালো উপসংহার আশা করেছিলাম আমি। পরেরবার থেকে আশা করব লেখক যেন অন্তিম মুহূর্তে আরও কিছু অভিনবত্ব আমাদের উপহার দেন।২. ত্রিধার চরিত্রটির জটিলতার আরও কিছু পরত দেখালে চরিত্রটি একটু বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠত বলে মনে হয়েছে আমার। ওর সাথে ঘটে চলা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ওর মনের পারস্পরিক দ্বন্দ্ব বা জটিলতা আরও কিছুটা প্রকাশ করবার প্রয়োজন ছিল।৩. পূর্বার চরিত্রটির প্রতি এই কাহিনীতে সেভাবে আলোকপাত করা হয়নি যেখানে উনি এই কাহিনীর অন্যতম এক প্রধান চরিত্র।৪. নিঝুমগড়ের রহস্যের সূচনা, পবনের ডায়রি এবং পাগল মানুষটির সম্পর্কে আলোচ্য কাহিনীতে সেভাবে আলোকপাত করা হয়নি। ফলে এখানে রহস্যের ঘনঘটায় বেশ কিছুটা ফাঁকফোকর রয়ে গেছে। তবুও সবমিলিয়ে আলোচ্য কাহিনীটি আমার মোটের উপর ভালোই লেগেছে। গতানুগতিক হরর ঘরানার চেনা ছকের বাইরে গিয়ে একটু অন্যপথে হাঁটতে চেয়েছেন লেখক যা অবশ্যই সাধুবাদযোগ্য। ওনার পরের কাহিনীর উপর নজর অবশ্যই থাকবে। পরিশেষে একটা কথাই শুধু বলব যে ১৬৮ পৃষ্ঠার পেপারব্যাক এই বইটির মূল্য একটু বেশিই মনে হয়েছে আমার কাছে যেখানে হার্ডবোর্ড বাঁধাই অন্যান্য অনেক বইয়ের মূল্য এর থেকে কম এবং যেখানে কাগজের মানের কোনও প্রভেদ নেই বা পৃষ্ঠার সংখ্যাও প্রায় এক।

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop